পুরো রমজান মাস জুড়ে মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা!
২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় । যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে পবিত্র রমজান মাস জুড়ে স্কুল বন্ধের ঘোষণা । দীর্ঘ প্রতীক্ষার পর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই স্বস্তির খবরটি এলো।
রমজানে কতদিন ছুটি?
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল-বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে টানা ২৬ দিনের বড় ছুটি নির্ধারণ করা হয়েছে ।
এই ছুটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত । অর্থাৎ, রমজানের শুরু থেকে ঈদের পর পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে বসেই রোজা ও উৎসব পালন করতে পারবে।
এক নজরে ২০২৬ সালের মূল ছুটির খবর
সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদে বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন । ক্যালেন্ডারের উল্লেখযোগ্য কিছু ছুটি হলো:
ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ২৪ মে থেকে ০৪ জুন পর্যন্ত মোট ১০ দিন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস: ০৫ আগস্ট (১ দিন)।
দুর্গাপূজা (বিজয়া দশমী ২১ অক্টোবর): ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন।
শীতকালীন অবকাশ ও বড়দিন: ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন।
পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত
ছুটির পাশাপাশি পরীক্ষার তারিখও জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়:
অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি পরীক্ষা: ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ।
নির্বাচনি পরীক্ষা: ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ।
বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত ।
জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কড়া নিয়ম
প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে যে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষ্যে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাসের ক্ষতি করা যাবে না । এমনকি অতিথিদের সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । এছাড়া প্রতিটি পরীক্ষার সময়সীমা ১২ কর্মদিবসের বেশি হতে পারবে না।
এই নতুন ছুটির তালিকা আপনার কেমন লেগেছে? বিশেষ করে রমজানের ছুটি নিয়ে আপনার মতামত আমাদের জানান!





